পাচার হওয়া অর্থ দ্রুত ফেরাতে ‘ফাস্ট ট্র্যাক’ ব্যবস্থা নেওয়ার নির্দেশ গভর্নরের – DesheBideshe

পাচার হওয়া অর্থ দ্রুত ফেরাতে ‘ফাস্ট ট্র্যাক’ ব্যবস্থা নেওয়ার নির্দেশ গভর্নরের – DesheBideshe

পাচার হওয়া অর্থ দ্রুত ফেরাতে ‘ফাস্ট ট্র্যাক’ ব্যবস্থা নেওয়ার নির্দেশ গভর্নরের – DesheBideshe

ঢাকা, ৩ মার্চ – দেশ থেকে পাচার হওয়া অর্থ দ্রুত ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের জোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান। এই প্রক্রিয়াকে ‘ফাস্ট ট্র্যাকে’ নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

পাচারকৃত অর্থ পুনরুদ্ধার কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে গভর্নর ‘স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্স’ এর পরামর্শকের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে অর্থ ফেরানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশনা দেন।

এর আগে রোববার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ বা এবিবি এর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতেও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন গভর্নর। তিনি স্পষ্ট জানান যে ব্যাংকিং খাতে চলমান সংস্কার কার্যক্রমে কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করা হবে না। পাঁচটি ব্যাংকের একীভূতকরণসহ সংস্কার কাজ অব্যাহত থাকবে।

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে নীতি সহায়তা প্রদানের আশ্বাস দেন গভর্নর। পাশাপাশি রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করা এবং সিএমএসএমই খাতে অর্থায়ন বাড়াতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনের নেতৃত্বে ১৯টি ব্যাংকের প্রধান নির্বাহী ওই বৈঠকে অংশ নেন। বৈঠকে এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের একীভূতকরণ নিয়ে সৃষ্ট ধোঁয়াশা অনেকটাই পরিষ্কার করা হয়েছে।

এনএন/ ৩ মার্চ ২০২৬



Explore More Districts