চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)- এর তথ্য বিক্রির অভিযোগে দায়ের করা মামলার আসামি তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) নগরের পাঁচলাইশ আবাসিকের ডা.হাবিবের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, আমাদের সহযোগিতায় সিআইডি টিম পাঁচলাইশ আবাসিক এলাকায় এনএম জিয়াউল আলমের আত্মীয় ডা. হাবিবের বাসা থেকে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পাঁচলাইশ থানা থেকে সিআইডির টিম ঢাকায় নিয়ে গেছেন।
এর আগে নাগরিকদের এনআইডি তথ্য বিক্রির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের নাম উল্লেখ করে ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করে সাইবার নিরাপত্তা আইনে ঢাকা মেট্টোপলিটনের কাফরুল থানায় মামলাটি করেন এনামুল হক। মামলায় ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
এমএ/সিটিজিনিউজ


