| ১১ April ২০২৬ Saturday ১১:০২:৫০ PM | |
নগর প্রতিনিধি:

পহেলা বৈশাখ থেকে বরিশাল নগরীকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
শনিবার দুপুরে নগরীর বরিশাল অডিটোরিয়ামে পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ লক্ষ্য নির্ধারণ করেন।
সভায় প্রশাসক শিরীন বলেন, নগরী পরিষ্কার না থাকলে চাকরি থাকবে না। পরিচ্ছন্নতা কর্মীদের কাজের মূল্যায়ন করা হবে। যে ওয়ার্ড সবচেয়ে বেশি পরিচ্ছন্ন থাকবে, সেই ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী ও সুপারভাইজরদের পুরস্কৃত করা হবে।
তিনি আরও বলেন, বরিশাল একটি ছোট শহর। এখানে যে পরিমাণ পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, তারা প্রতিদিন দুই ঘণ্টা করে কাজ করলেই নগরী অপরিচ্ছন্ন থাকার কথা নয়। কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না। বাইরে থেকে আগতরা নগরীকে অপরিচ্ছন্ন বলে আখ্যায়িত করেন, যা আমাদের জন্য অসম্মানের। তাই এখন থেকে প্রতিটি ওয়ার্ডে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় সিটি প্রশাসক বর্ষা মৌসুমে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য রেইনকোট প্রদানসহ তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তারা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


