চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রপুল এলাকায় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস ও মাছবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মোরশেদ (৩৫) নামে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
রবিবার (২২ জুন) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সার্জেন্ট আকরাম (৫২), আলিপ (৪৮), আরিফুল (৪২), নাছির উদ্দিন (১৮), রাকিব (২৫) ও শিরিন আক্তার (৩৮)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন,
“শ্যামলী বাস ও মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং ছয়জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর উভয় যানবাহন জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে হাইওয়ে পুলিশ ও উদ্ধারকারী দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগামী দুটি যানবাহনের অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এমজে/সিটিজিনিউজ


