পঞ্চমবারের মতো সাফ সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাহউদ্দিন – DesheBideshe

পঞ্চমবারের মতো সাফ সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাহউদ্দিন – DesheBideshe



পঞ্চমবারের মতো সাফ সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাহউদ্দিন – DesheBideshe

ঢাকা, ১ আগস্ট – বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নেতৃত্ব ধরে রাখলেন কাজী সালাহউদ্দিন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সংস্থাটির সভাপতি হিসেবে তিনি পুনর্নির্বাচিত হয়েছেন। শনিবার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

২০০৯ সালে প্রথমবার দায়িত্ব গ্রহণের পর এই নিয়ে টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক এই ফুটবল তারকা। সালাহউদ্দিনের এই নির্বাচনের পথ প্রশস্ত হয় মূলত সাফের গঠনতন্ত্র পরিবর্তনের মাধ্যমে।

সংশোধিত নিয়মে সভাপতির পদের জন্য নির্ধারিত ৭০ বছরের বয়সসীমা এবং সর্বোচ্চ দুই মেয়াদের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়। ফলে তিনি আবারও প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেন। উল্লেখ্য যে ২০২৪ সালে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ ১৬ বছর বাফুফে সভাপতির দায়িত্ব পালন শেষে পদত্যাগ করতে হয় তাকে।

বর্তমান বাফুফে নেতৃত্ব তার প্রার্থিতাকে সমর্থন না দিলেও নেপাল ও ভুটান ফুটবল ফেডারেশনের প্রস্তাব ও সমর্থনে তিনি মনোনয়নপত্র জমা দেন। শেষ পর্যন্ত অন্য কেউ প্রার্থী না হওয়ায় বিনা ভোটেই তাকে নতুন মেয়াদের জন্য সভাপতি ঘোষণা করা হয়।

একই কংগ্রেসে বাফুফের বর্তমান সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ সাফের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। এদিকে শনিবার বিকেলে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বর্তমানে ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপালকে ড্রয়ের বাইরে রাখা হয়েছে। তবে আগামী সেপ্টেম্বরের মধ্যে যদি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় তবে নেপাল টুর্নামেন্টে অংশ নিতে পারবে এবং স্বাগতিক বাংলাদেশের গ্রুপেই অন্তর্ভুক্ত হবে।

এস এম/ ১ আগস্ট ২০২৬



Explore More Districts