ন্যাশভিলের মাঠে নিষ্প্রভ মেসি, ইন্টার মায়ামির গোলশূন্য ড্র – DesheBideshe

ন্যাশভিলের মাঠে নিষ্প্রভ মেসি, ইন্টার মায়ামির গোলশূন্য ড্র – DesheBideshe

ন্যাশভিলের মাঠে নিষ্প্রভ মেসি, ইন্টার মায়ামির গোলশূন্য ড্র – DesheBideshe

ন্যাশভিল, ১২ মার্চ – কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিল এসসির বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। বৃহস্পতিবার ভোরে প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে অনেকটাই নিষ্প্রভ দেখা যায়।

পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে মায়ামি এগিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য বিস্তার করেছিল স্বাগতিক ন্যাশভিল। পরিসংখ্যানে দেখা যায় ইন্টার মায়ামি ৫৯ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখলেও মোট পাঁচটি শট নিতে পেরেছে যার মধ্যে মাত্র একটি শট ছিল লক্ষ্যে। অন্যদিকে ন্যাশভিল মোট ১১টি শট নেয় এবং এর মধ্যে পাঁচটি ছিল গোলমুখে।

ম্যাচের ৫৫ মিনিটে লিওনেল মেসি বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে এগিয়ে একটি জোরালো শট নিয়েছিলেন। তবে ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াক দারুণ দক্ষতায় সেই শট রুখে দেন। পুরো ম্যাচে এটিই ছিল লক্ষ্যে রাখা মেসির একমাত্র শট।

এরপর ৬৫ মিনিটে স্বাগতিক ন্যাশভিল গোলের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিল। কর্নার কিক থেকে উড়ে আসা বলে রিড বেকার হোয়াইটিং হেড করলেও বলটি ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। শেষ পর্যন্ত কোনো দলই আর জালের দেখা পায়নি এবং ম্যাচটি গোলশূন্য ড্রতে নিষ্পত্তি হয়।

এর আগে ন্যাশভিলের বিপক্ষে দুর্দান্ত ফর্মে ছিলেন লিওনেল মেসি। ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এই দলটির বিপক্ষে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ড ছিল তার। সেই সময়কালে তিনি ১২টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে পাঁচটি গোল করিয়েছিলেন।

তবে এবারের দেখায় গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হওয়ায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তার দলকে। কোয়ার্টার ফাইনালে ওঠার ভাগ্য এখন দ্বিতীয় লেগের ওপর নির্ভর করছে। ফিরতি লেগে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ন্যাশভিলকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি।

এ এম/ ১২ মার্চ ২০২৬



Explore More Districts