ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে – DesheBideshe

ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে – DesheBideshe

ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে – DesheBideshe

সিরাজগঞ্জ, ২৪ জানুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে। একই ধরনের অপরাধে সাধারণ মানুষের যে বিচার হবে, একজন প্রধানমন্ত্রীও যদি সেই অপরাধ করে, তার ওপরও সমান বিচার করা হবে। সেই বিচারটাই আমরা কায়েম করতে চাই। তিনি আরও বলেন, এমন বিচার কায়েমের ঘোষণা দিলে প্রথম দিন থেকেই প্রায় ৯০ শতাংশ অপরাধ বাতাসে মিলিয়ে যাবে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আয়োজন করে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাকিদের সংশোধনের পদক্ষেপ নেওয়া হবে। যদি সংশোধন না হয়, তাহলে আইনের আওতায় সবাইকে সমান বিচার করা হবে। এখানে কারো জন্য সোনার তলোয়ার আর কারো জন্য ইস্পাতের তলোয়ার থাকবে না। আমি ন্যায়ের কথা বলছি, ইনসাফের কথা বলছি, ইনসাফপূর্ণ শাসনের কথা বলছি।

তিনি বলেন, সিরাজগঞ্জ জেলার স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্র পিছিয়ে রয়েছে। আল্লাহ আমাদের কবুল করলে আমরা শিক্ষার জন্য কাজ করবো, স্বাস্থ্যের জন্য কাজ করবো। আপনাদের অধিকার আপনাদের ঘরে পৌঁছে দেওয়া হবে। এছাড়া যমুনার স্থায়ী বাঁধ দেওয়া হবে।

গণভোটের বিষয়ে জামায়াতের আমির বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে, ওসমান হাদির প্রতিশ্রুতি অনুযায়ী তোমার হত্যার বিচার হবে, ১৪০০ শহীদকে কথা অনুযায়ী স্মরণ করা হবে, তোমাদের হত্যাকাণ্ডেরও বিচার করা হবে। গণভোটে ‘হ্যাঁ’ মানে, যারা স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমরা ঋণ পরিশোধ করবো। গণভোটে ‘হ্যাঁ’ মানে বাংলাদেশে আর ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না। আমার সোনার দেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে ‘হ্যাঁ’ ভোট দেব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬



Explore More Districts