নোংরা পরিবেশে চিকিৎসা অর্থহীন: ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি হান্নানের ক্ষোভ

নোংরা পরিবেশে চিকিৎসা অর্থহীন: ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি হান্নানের ক্ষোভ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম. এ. হান্নান।

সোমবার (৪ মে ) দুপুরে আকস্মিক এ পরিদর্শনে গিয়ে তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার মান, পরিচ্ছন্নতা ও রোগীসেবার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে এমপি হান্নান বলেন, “চিকিৎসকেরা রোগ নির্ণয় ও চিকিৎসা দিতে সক্ষম-এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হাসপাতালের পরিবেশ যদি নোংরা ও অস্বাস্থ্যকর থাকে, তাহলে সেই চিকিৎসার কার্যকারিতা অনেকটাই ব্যাহত হয়। নোংরা পরিবেশে চিকিৎসা কার্যত অর্থহীন হয়ে পড়ে।”

তিনি আরও বলেন, “চিকিৎসকেরা নিজেদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখেন, যা অবশ্যই প্রশংসনীয়। তবে একই সঙ্গে রোগীদের শয্যা, ওয়ার্ড ও সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। অন্যথায় সংক্রমণ ও রোগের ঝুঁকি আরও বাড়তে পারে।”

স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, “সরকার চিকিৎসা সেবার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু দায়িত্বপ্রাপ্তদের আন্তরিকতা ও জবাবদিহিতা না থাকলে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব নয়।”

হাসপাতালের যন্ত্রপাতি ও অন্যান্য প্রয়োজনীয়তার বিষয়ে অবহিত করার আহ্বান জানিয়ে এমপি হান্নান বলেন, “কোথাও কোনো ঘাটতি থাকলে তা দ্রুত জানাতে হবে। প্রয়োজনে আমি ব্যক্তিগতভাবেও সহযোগিতা করতে প্রস্তুত।” একই সঙ্গে তিনি সমাজের সচ্ছল ও বিত্তবানদের হাসপাতালের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, ডাক আবুল কালাম আজাদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রতিবেদক: শিমুল হাছান, ৪ মে ২০২৬

Explore More Districts