নেছারাবাদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নেছারাবাদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১৩ November ২০২৬ Friday ১২:০৭:২৩ PM

Print this E-mail this


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

নেছারাবাদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এক কর্মী এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ও রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলা ছাত্রলীগের সদস্য মো. আবু সাঈদ (২১) ও সোহাগদল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ার (৫৫)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ইন্দুরহাট বাজার থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ সোহাগদল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং চাঁন মিয়ার ছেলে। গত ২৫ অক্টোবর ইন্দুরহাট বন্দরে সরকারি স্বরূপকাঠি কলেজের সামনে থেকে বের হওয়া ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত ২৫ অক্টোবর বিকেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর নেছারাবাদে প্রথমবারের মতো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই ঝটিকা মিছিল বের হয়। মিছিলটির নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তামজিদ ইসলাম তন্ময় ও সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সানাউল রেজা সৌরভ। মিছিলে অংশগ্রহণকারীরা ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’ এবং ‘আউয়াল ভাইয়ের নির্দেশে আমরা আছি রাজপথে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি এক থেকে দুই মিনিটের মধ্যে শেষ হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী গ্রাম থেকে গোলাম সারোয়ারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ওই গ্রামের মৃত হাবিব গোমস্তার ছেলে।

পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর নেছারাবাদ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত ২০ নম্বর আসামি গোলাম সারোয়ার। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি গোলাম সারোয়ার দলটির নেতাকর্মীদের অর্থের জোগানদাতা হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় বিভিন্ন মানুষকে হয়রানিসহ তার বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে বলে দাবি তাঁদের। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তার স্বজনরা। তাদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে তাকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ২৫ অক্টোবরের ছাত্রলীগের মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। আর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে গোলাম সারোয়ারকে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts