
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে শেষ মূহুর্তে রাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর তালুকদার। ফলে দলটির (ট্রাক মার্কা) নেতারা এখন থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন।
শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১০টায় বড়লেখা পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন আব্দুন নুর তালুকদার। এ সময় স্থানীয় গণ-অধিকার ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর মাত্র তিন দিন আগে একই রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে আব্দুর নুর তালুকদার তার ৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন। ওই ইশতেহারে তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গঠন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতি দেন। তবে হঠাৎ করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে অন্য প্রার্থীকে সমর্থন দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে নানা বিরূপ মন্তব্য ও সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ইশতেহার ঘোষণার মাত্র কয়েক দিনের মাথায় এমন সিদ্ধান্ত কতটা যৌক্তিক। নির্বাচনের মাঠে এ সিদ্ধান্ত কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে এখন স্থানীয় রাজনীতিতে আলোচনা তুঙ্গে।
গণ-অধিকার পরিষদের প্রার্থী নুর বলেন, ‘ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বৃহত্তর ঐক্য অপরিহার্য।
সেই বিবেচনায় আমি দলীয় সিদ্ধান্ত মোতাবেক মৌলভীবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুকে সমর্থন দিয়ে ও তার পক্ষে কাজ করার অঙ্গীকার করে নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম।’
এ সময় তিনি, ধানের শীষ প্রতীকের পক্ষে সর্বশক্তি দিয়ে মাঠে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। নুর আরও বলেন, এখন থেকে আমি ও আমার দল গণ-অধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ভিপি নুরের ভুয়সী প্রশংসা করে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, ‘গণঅধিকার পরিষদ এবং বিএনপির একসঙ্গে পথচলা মৌলভীবাজারের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত করেছে।
তিনি বলেন, এই সমর্থন মৌলভীবাজার-১ আসনে বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। আমি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন একসঙ্গে কাজ করব। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই রাজনৈতিক সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ আসনের অন্য প্রার্থীরা হলেন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মুফতি বেলাল আহমেদ, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন ও গণফ্রন্টের মো. শরীফুল ইসলাম।


