নির্বাচনের আগে বিপাকে সোহম, ঋণখেলাপির অভিযোগে হাইকোর্টে মামলা – DesheBideshe

নির্বাচনের আগে বিপাকে সোহম, ঋণখেলাপির অভিযোগে হাইকোর্টে মামলা – DesheBideshe

নির্বাচনের আগে বিপাকে সোহম, ঋণখেলাপির অভিযোগে হাইকোর্টে মামলা – DesheBideshe

পশ্চিমবঙ্গ, ১৯ ফেব্রুয়ারি – পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই বড়সড় বিতর্কে জড়িয়েছেন টলিউড অভিনেতা এবং বিধায়ক সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেছেন অভিনেতা তথা রাজনীতিবিদ শাহিদ ইমাম। শাহিদের অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে সোহম তাঁর কাছ থেকে এই বিপুল অর্থ ধার নিয়েছিলেন।

এর মধ্যে মাত্র ২৫ লক্ষ টাকা ফেরত দিলেও বাকি টাকা দীর্ঘদিন আটকে রেখেছেন। এমনকী টাকা চাইতে গেলে উল্টো হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। অভিনয় জগতে ‘শুভম’ নামে পরিচিত শাহিদ জানান, তৃণমূল কংগ্রেসের যুবনেতা থাকাকালীন তিনি এই ঋণ দিয়েছিলেন। ২০২৩ সালে এসএসসিকাণ্ডে গ্রেফতার হয়ে তিনি কিছুদিন কারাবাস করেন। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি সোহমের সঙ্গে যোগাযোগ করে বকেয়া টাকা দাবি করেন। টানা দুই বছর অপেক্ষা করার পর বাধ্য হয়ে তিনি সোমবার সোহমের বিরুদ্ধে ঋণখেলাপির মামলা এবং মঙ্গলবার চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে সোহম চক্রবর্তী ঋণ নেওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, ‘পাকা দেখা’ সিনেমার প্রয়োজনে তিনি শাহিদের কাছ থেকে ওই অর্থ নিয়েছিলেন। তবে হুমকির অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। সোহমের দাবি, তিনি ২৫ লক্ষ টাকা শোধ করেছেন এবং বাকি টাকাও মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। বাংলা সিনেমার বর্তমান ব্যবসার মন্দার কারণে তাঁর হাতে টাকা নেই এবং কয়েকটি ছবি আটকে থাকায় সমস্যা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। সোহম পাল্টা অভিযোগ করেন, নির্বাচনের আগে তাঁকে পরিকল্পিতভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। আইনি নোটিশের জবাব তিনি আইনি পথেই দেবেন বলে জানিয়েছেন।

এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts