
ঢাকা, ২২ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে দেশজুড়ে যৌথ বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পর আরও সাত দিন যৌথ বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সভায় স্বরাষ্ট্র সচিব বলেন, আগামী পাঁচ দিনের মধ্যে স্থানীয় পর্যায়ে বডি ক্যামেরা পৌঁছে যাবে। পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্যরা প্রয়োজনে ড্রোনও ব্যবহার করবেন।
তিনি আরও জানান, আজ থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে একাধিক টিম নির্বাচন সংক্রান্ত মাঠপর্যায়ের যাবতীয় তথ্য ২৪ ঘণ্টা মনিটরিং ও রেকর্ড করবে।
নাসিমুল গনি বলেন, বডি ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় সংযোগ স্থাপন করা যাবে এবং সব ঘটনা রেকর্ড করা সম্ভব হবে। এ সময় তিনি বডি ক্যামেরার ব্যবহারের ওপর একটি ভিডিওচিত্রও উপস্থাপন করেন।
এনএন/ ২২ জানুয়ারি ২০২৬




