
রংপুর, ৮ ফেব্রুয়ারি – রংপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারের সময় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আখতার হোসেন।
জিডি সূত্রে জানা গেছে, রংপুর-৪ আসন (পীরগাছা-কাউনিয়া) থেকে ১১ দল সমর্থিত ও এনসিপির মনোনীত প্রার্থী আখতার হোসেন শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ফোনদাতা নিজের পরিচয় না দিয়ে ভয়ভীতি দেখিয়ে হত্যার হুমকি দেয় এবং এরপর ফোন কেটে দেয়। এতে তার জানমালের গুরুতর ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।
ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য পীরগাছা থানায় এই সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, আখতার হোসেনকে হুমকি দেওয়ার বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে আখতার হোসেন বলেন, শুধু তার আসনেই নয়, সারাদেশে শাপলা কলির নেতাকর্মীদের বিভিন্ন সময়ে প্রকাশ্যে ও গোপনে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ফ্যাসিবাদ চেপে বসেছিল এবং তার বিরুদ্ধে লড়াইয়ে তারা কখনোই পিছপা হননি। হুমকি, ভয়ভীতি, জুলুম, জেল, রিমান্ড ও নির্যাতন মোকাবিলা করেই তারা নতুন বাংলাদেশের পথে এগিয়ে এসেছেন। ভয় দেখিয়ে, রুঢ় ভাষায় কথা বলে বা প্রাণনাশের হুমকি দিয়ে তাদের এই অগ্রযাত্রা থামানো যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, আখতার হোসেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব এবং রংপুর-৪ আসনে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬



