
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি – ইরানে পরিবর্তনশীল পরিস্থিতির কারণে নিজ দেশের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস বুধবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারতীয় নাগরিকদের ইরান ত্যাগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
দূতাবাস আরও জানায়, যারা এখনো ইরানে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং যেসব এলাকায় আন্দোলন ও বিক্ষোভ চলছে, সেসব এলাকা এড়িয়ে চলতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াও তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। প্রথমে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তা সহিংস রূপ নেয়। এসব সহিংসতায় এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স জানায়, কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে সরে যেতে বলা হয়েছে। তিন কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, বুধবার সন্ধ্যার মধ্যেই সেনাদের অবস্থান পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এক কূটনীতিক জানান, এটি কেবল সেনাদের অবস্থান পরিবর্তন, ঘাঁটি পুরোপুরি ত্যাগ করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে সেনা সরানোর পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।
এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬




