নাটোরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু, দগ্ধ ১ – DesheBideshe

নাটোরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু, দগ্ধ ১ – DesheBideshe

 নাটোরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু, দগ্ধ ১ – DesheBideshe

নাটোর, ৯ ফেব্রুয়ারি – নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস প্রাথমিক তদন্তে জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নিহতরা হলেন স্থানীয় কৃষক রান্টুর স্ত্রী আতিয়া এবং তাদের এক বছর বয়সী শিশুকন্যাসন্তান রওজা। এছাড়া অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হয়েছেন। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের লেলিহান শিখায় রান্টুর বাড়ির চারটি বসতঘর এবং পার্শ্ববর্তী একটি মুদিদোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া আগুনে পুড়ে ১২টি ছাগল মারা গেছে। স্থানীয়দের মতে, অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, তারা ভোর ৪টা ৪৫ মিনিটে আগুনের খবর পান এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এসএএস/ ৯ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts