নাজিরপুরে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

৮ September ২০২৬ Tuesday ৮:১৭:২৯ PM

Print this E-mail this


নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে ফ্রিজের নিচে ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নরোত্তম মৃধা (২২) নামে এক বিএসসি নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত মৃধা উপজেলার ৬ নম্বর নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামের গৌতম মৃধার ছেলে। তিনি বিএসসি নার্সিং বিষয়ে পড়াশোনা করছিলেন।

নিহতের চাচাতো ভাই পার্থ মৃধা জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সারে ১০ টার দিকে নরোত্তম মৃধা তাদের নিজ ঘরে ফ্রিজের নিচে ইঁদুরের মাটি সরাতে যান। এ সময় অসাবধানতাবশত ফ্রিজের তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে তাকে দ্রুত নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ডা. শিমুল কৌশিক সাহা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ডা. শিমুল কৌশিক সাহা জানান, নরোত্তম মৃধাকে সকাল ১১টার দিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts