| ২৩ April ২০২৬ Thursday ১১:৩৯:৫৫ PM | |
নিজস্ব প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ডাকাত দলের নেতা, একজন মূল পরিকল্পনাকারী এবং অপরজন সদস্য বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য জানান। এর আগে বরিশাল নগরী, মাদারীপুর এবং বাবুগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ১৯ এপ্রিল নাজিরপুর উপজেলার কলারদোনিয়া গ্রামের ব্যবসায়ী নাজমুল হাসানের বাড়িতে ডাকাত দল হানা দেয়। ডাকাতরা লুটপাট করে পালানোর সময় গৃহকর্তা এক ডাকাত সদস্যকে জাপটে ধরে চিৎকার শুরু করেন। এ সময় অন্য ডাকাত সদস্যরা তাকে ছাড়িয়ে নিতে গিয়ে নাজমুল ও তার ছেলেকে কুপিয়ে আহত করে।
গ্রামবাসী এগিয়ে এলে ডাকাত দল গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এ সময় আটক ডাকাত সদস্যকে গ্রামবাসী গণপিটুনি দেয়। এতে বরিশালের হিজলা উপজেলার একতা বাজার এলাকার মজিবর রাঢ়ির ছেলে দুলাল রাঢ়ি (২২) মারা যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ডাকাত দলের নেতা বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম ইলুহার গ্রামের মৃত জালাল ফরাজির ছেলে আব্দুল আজিজ (৫০), ডাকাতির মূল পরিকল্পনাকারী নাজিরপুর উপজেলার মনিরাবাদ গ্রামের ফজলুল হকের ছেলে এমদাদুল্লাহ (৩১) এবং ডাকাত সদস্য বাবুগঞ্জ উপজেলার ধুমচর এলাকার আজিজ হাওলাদারের ছেলে নজরুল ইসলাম (৫২)।
র্যাব জানায়, এ ঘটনায় নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় র্যাব ছায়া তদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মাদারীপুরের কুলপদ্দি এলাকা থেকে আব্দুল আজিজ, বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে এমদাদুল্লাহ এবং বাবুগঞ্জের চাঁদপাশা এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাদের বৃহস্পতিবার নাজিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

