নাগরপুরে ৫টি গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার – News Tangail | নিউজ টাঙ্গাইল

নাগরপুরে ৫টি গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার – News Tangail | নিউজ টাঙ্গাইল

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বসতবাড়ির আঙিনা থেকে পাঁচটি সতেজ গাঁজা গাছসহ মো. রাসেল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল রাসেল মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির দক্ষিণ ভিটায় রোপণ করা পাঁচটি সতেজ গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে গাছগুলো মাটি থেকে উপড়ে ডালপালা ও পাতাসহ জব্দ করা হয়।

নাগরপুর থানার ওসি মো. জহুরুল ইসলাম জানান, এ ঘটনায় রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Explore More Districts