নলছিটিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাবার মৃত্যু

১০ August ২০২৬ Monday ১২:৪০:১০ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে ছেলেকে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে আক্কাস খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আক্কাস খানকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

সোমবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামের আক্কাস খানের ছেলে জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের বিরোধ চলছিল।এর জের ধরে রবিবার বিকেলে বাড়ির সামনের রাস্তায় জসিমকে একা পেয়ে সজল খান, তার বাবা সেলিম খান ও ভাই শফিক খানসহ কয়েকজন তার ওপর হামলা চালান।

জসিমের চিৎকার শুনে তার বাবা আক্কাস খান বাঁচাতে গেলে দু’জনকেই কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। রক্তাক্ত অবস্থায় তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আক্কাস খানের মৃত্যু হয়।ছেলে জসিম খানকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনরা জানান, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে আক্কাস খানের মৃত্যু হয়েছে।

নিহতের স্ত্রী তাজনেহার বেগম অভিযোগ করে বলেন, সামান্য বিষয় নিয়ে জসিম ও সজলের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ সৃষ্টি হয়। জসিমকে একাধিকবার মারার পরিকল্পনাও করে সজল। পরে সোমবার তাকে একা পেয়ে পরিবার ও ভাড়াটে লোকজন নিয়ে হামলা চালায়।ছেলেকে বাঁচাতে গেলে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করে তারা। আমি এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts