নবীগঞ্জের কুর্শি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি – Habiganj News

নবীগঞ্জের কুর্শি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি – Habiganj News

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ (Vulnerable Group Feeding) চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নে।

স্থানীয়দের অভিযোগ, প্রকৃত হতদরিদ্রদের বঞ্চিত করে দলীয় প্রভাব খাটিয়ে চাল বিতরণ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জুন কুর্শি ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জামাল ও সাধারণ সম্পাদক আব্দুল বাচিত রাসেলের নেতৃত্বে কিছু সংখ্যক মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। স্থানীয়দের দাবি, প্রকৃত উপকারভোগীদের বাদ দিয়ে দলীয় নেতাকর্মী ও তাদের আত্মীয়-স্বজনদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি বরাদ্দকৃত চালের একটি অংশ আত্মসাতের অভিযোগও উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দুস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারের জন্য সরকার বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ দেয়। সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রস্তুত করে চাল বিতরণের কথা থাকলেও কুর্শি ইউনিয়নে সে প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য জানান, চাল বিতরণের বিষয়ে ইউনিয়ন পরিষদের অধিকাংশ সদস্য অবগত ছিলেন না। তিনি বলেন, “ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিজেদের উদ্যোগে চাল বিতরণ করেছেন বলে শুনেছি।”

এ বিষয়ে কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, অনেক প্রকৃত দরিদ্র পরিবার তালিকা থেকে বাদ পড়েছে। অন্যদিকে সচ্ছল ব্যক্তি ও প্রভাবশালীদের ঘনিষ্ঠদের নামে চাল উত্তোলন করা হয়েছে। এছাড়া চালের ওজনে কম দেওয়া এবং গুদাম থেকে চাল সরিয়ে নেওয়ার অভিযোগও তুলেছেন কয়েকজন ভুক্তভোগী।

একাধিক ভুক্তভোগী জানান, ঈদের সময় সরকারি সহায়তা পাওয়ার আশা থাকলেও তারা কোনো চাল পাননি। তাদের অভিযোগ, প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করে প্রভাবশালী মহলের লোকজন সুবিধা নিয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, যথাযথ তদারকির অভাব এবং অভিযোগকৃত অনিয়মের কারণে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত উপকারভোগীদের মাঝে স্বচ্ছতার সঙ্গে চাল বিতরণের দাবি জানিয়েছেন।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কুর্শি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

Explore More Districts