নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন – DesheBideshe



ঢাকা, ২১ আগস্ট – বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার এক অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন। বার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানাই আন্তরিক অভিনন্দন।

ভারতের রাষ্ট্রপতি প্রত্যাশা করেন যে, মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের জনগণের সেবায় এক সফল মেয়াদের সূচনা হবে। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক অত্যন্ত অনন্য এবং নিবিড়। এই সম্পর্কটি মূলত অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

ভারতের রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, বর্তমান সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক প্রযুক্তি, জ্বালানি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং যুব উন্নয়নের মতো বিবিধ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অনেক বেশি বিস্তৃত হয়েছে। দুই প্রতিবেশী দেশের এই অংশীদারত্ব ও সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

অভিনন্দন বার্তার শেষাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে তিনি বাংলাদেশের সাধারণ জনগণের সুখ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এনএন/ ২১ আগস্ট ২০২৬



Explore More Districts