এবার নির্বাচনী প্রচারে দুর্নীতির বিরুদ্ধে বারবার কথা বলেছে বিএনপি। নির্বাচনী ইশতেহারেও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে দলটি। বিএনপির এই প্রতিশ্রুতিতে মানুষ যে আস্থা রেখেছে, তা ভোটের ফলাফলেই স্পষ্ট। যে কারণে সরকারে ও প্রশাসনে সৎ ও দক্ষ মানুষদের বিএনপি এগিয়ে নেবে, এমনটি প্রত্যাশা করা হচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় যেসব প্রতিশ্রুতির কথা বলেছেন, তার বাস্তবায়ন কতটা সম্ভব হবে, সেটি মন্ত্রিসভা দেখে অনেকটাই ধারণা পাওয়া যাবে।
এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান গতকাল প্রথম আলোয় লিখেছেন, নতুন সরকারের প্রথম দিকেই অর্থনৈতিক ‘সিগন্যালিং’(সংকেত দেওয়া) দেওয়াটা খুব জরুরি। মন্ত্রিসভা এবং রাষ্ট্র যাঁরা চালাবেন, তাঁদের বাস্তবভিত্তিক দক্ষতার বিষয়টাও গুরুত্বপূর্ণ ‘সিগন্যালিং’ হবে।
নতুন মন্ত্রিসভায় দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার কথা আরও কয়েকজন বিশিষ্ট নাগরিক বিভিন্ন সাক্ষাৎকার ও মতামতে উল্লেখ করেছেন।


