ইসলামের মূল ভিত্তি হলো তাওহিদ বা একত্ববাদ। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। কোরআনে বলা হয়েছে, “বল, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহ সর্বনির্ভরশীল। তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারও থেকে জন্মগ্রহণ করেননি। তার সমকক্ষ কেউ নেই।” (সুরা ইখলাস, আয়াত: ১-৪)
এই তাওহিদ মুসলিমের মনকে কুসংস্কার ও দ্বন্দ্ব থেকে মুক্ত করে, তার আচরণকে বিচ্যুতি থেকে রক্ষা করে এবং তার বিবেককে আল্লাহ ছাড়া অন্য কারও কাছে নত হওয়ার হীনতা থেকে মুক্ত রাখে। হাদিসে রাসুল (সা.) বলেছেন, “হে যুবক, আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি: আল্লাহর (নির্দেশ) পালন করো, তিনি তোমাকে রক্ষা করবেন। আল্লাহর (নির্দেশ) পালন করো, তুমি তাঁকে তোমার সামনে পাবে। যখন তুমি কিছু চাইবে, তখন আল্লাহর কাছে চাও। যখন সাহায্য প্রার্থনা করবে, তখন আল্লাহর কাছে সাহায্য চাও।” (সুনানে তিরমিজি, হাদিস: ২৫১৬)
তাওহিদের এই স্পষ্ট ও সরল ধারণা ইসলামের একটি বড় বৈশিষ্ট্য, যা মানুষের ফিতরাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

