ন
Kazi Hafizur Rahaman
নিজস্ব প্রতিবেদক
·
১ মিনিটের পড়া
·
১০৩ বার পড়া হয়েছে
নড়াইলকণ্ঠ : নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (IBWF) উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ‘ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসা পরিচালনায় আধুনিক কৌশল, দক্ষতা বৃদ্ধি, সততা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নড়াইল জেলা শাখার সভাপতি মো. এমদাদুল হক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুর রহমান, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সভাপতি আব্দুল মতিন, মো. জাকির হোসেন বিশ্বাস এবং মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসা একটি সৎ ও সাহসী পেশা। দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীরা নতুন নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং বেকারত্ব দূর করার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বক্তারা আরও বলেন, ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সুশৃঙ্খল করতে প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, সততা, দক্ষতা এবং পারস্পরিক সহযোগিতা। সময়ের সঙ্গে ব্যবসার ধরন ও কৌশলে পরিবর্তন আসছে। তাই ব্যবসায়ীদেরও আধুনিক প্রযুক্তি, ব্যবস্থাপনা ও ব্যবসা পরিচালনার কৌশলের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে।
তারা বলেন, এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ব্যবসায়ীরা আধুনিক ব্যবসায়িক কৌশল, দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে ধারণা লাভ করবেন। এর মাধ্যমে তারা নিজেদের ব্যবসা আরও কার্যকরভাবে পরিচালনার পাশাপাশি দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নড়াইল জেলার সেক্রেটারি মিরাজুল ইসলাম।

