নগরীর ব্রিজঘাট এলাকায় ফুটপাত থেকে একদিন বয়সী অজ্ঞাত এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ব্রিজঘাট সংলগ্ন এস আলম বাস কাউন্টারের বিপরীতে থাকা ফুটপাত থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। গতকাল রাত পর্যন্ত নবজাতকটির অভিভাবকদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কে বা কারা নবজাতকটিকে ফুটপাতে রেখে গেছে সে বিষয়েও পুলিশ কোনো তথ্য জানাতে পারেনি।
উদ্ধার পরবর্তী নবজাতকটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে একদিন বয়সী ওই নবজাতককে উদ্ধার করে। নবজাতকটি গামছা ও তোয়ালে দিয়ে জড়ানো ছিল। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে নবজাতকটির কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে তাকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার নবজাতকের অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা করছেন বলেও জানান ওসি আফতাব উদ্দিন।


