চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, আমি বিশ্বাস করি হাটহাজারী বায়েজিদ এলাকার জনগণের আস্থা আমার উপর আছে। আপনারা ধানের শীষে ভোট দিন। আমি আপনাদের আমানতের প্রতিদান দিতে প্রস্তুত। বিগত ১৭ বছর জীবনের মায়া ত্যাগ করে এদেশের সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে তার নিজের ও বিএনপির নেতাকর্মীদের সংগ্রামের কথা উল্লেখ করে মীর হেলাল আগামী ১২ ফেব্রুয়ারী উৎসব করে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।
এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, গত চার দশক ধরে আমার পরিবার হাটহাজারী-বায়েজিদ এলাকার মানুষের খেদমত করে আসছে। ধানের শীষে ভোট দিলে পাঁচ বছর পর নিশ্চয়ই মাথা উঁচু করেই আপনাদের কাছ যাব। তিনি ১২ ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে প্রশাসনের প্রতি পূর্ণ সহয়তার আশ্বাস দেন।
সোমবার (০৯ ফেব্রুয়ারী) রাতে প্রচারণার শেষ দিনে হাটহাজারীর বাস স্টেশন এলাকায় নির্বাচনী শেষ জনসভায় উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে স্বতঃস্ফূর্তভাবে সমবেত জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় পুরো জনসভা স্থল জনসমুদ্রে পরিণত হয়।
তিনি এসসয় আরো বলেন, দীর্ঘদিন হাটহাজারী বায়েজিদ এলাকার আনাছে কানাছে ঘুরে ঘুরে আমি বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করেছি। আপনারা ধানের শীষ প্রতীকে আমাকে ভোট দিন, এই এলাকার উন্নয়নের দায়িত্ব আমার। শহীদ জিয়া ও খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারলে হাটহাজারীরও ব্যাপক উন্নয়ন তথা পরিবর্তন হবে বলে উল্লেখ করেন মীর হেলাল। বলেন ধানের শীষের সাথে বাংলাদেশের উন্নয়ন ভাগ্য জড়িত। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে ধানের শীষ বিজয়ী হল হাটহাজারীর অভূতপূর্ব উন্নয়ন হবে। এসময় উপস্থিত জনতা মীর হেলালকে দু-হাত তুলে সমর্থন জানান।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, যারা জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে নিজের ভাগ্য সুপ্রসন্ন করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।আমরা দেশেই ছিলাম পালিয়ে যায়নি। আমাদের উপর নির্মম নির্যাতন হয়েছে আমরা সহ্য করেছি। কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি আগামী দিনে হাটহাজারী বায়েজিদ এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানসহ শান্তি শৃঙ্খলা রক্ষা করে একটি উন্নত সমৃদ্ধ শান্তি সম্প্রীতির সংসদীয় আসন গড়ে তোলার তিনি অঙ্গীকার করেন। তিনি কোনো প্রকার অপপ্রচার ও গুজবে কান না দিয়ে সনাতনীসহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের প্রতি আগামী ১২ ফেব্রুয়ারী নির্ভয়ে নিঃসংকোচে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও উত্তর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমদের সভাপতিত্বে এবং হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও পৌরসভা বিএনপি’র সদস্য সচিব অহিদুল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাথী উদয় কুসুম বড়ুয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌরসভা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন, উপজেলা জমিয়তে উলামা’র সাধারণ সম্পাদক মাওলানা ফোরকান সিকদার, গণধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শোয়েব, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, স্বেচ্ছাসেবক দলের উত্তর জেলা সদস্য সচিব আকবর আলি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, সভাপতি ত্বকিবুল ইসলাম তকি সহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমাজসেবক, আলেম ওলেমাসহ নানান শ্রেণীপেশার নেতৃবৃন্দ।

