স্টাফ রিপোর্টার: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় ধসে পড়া একটি সড়ক পরিদর্শনে গিয়ে দুইজনকে সাময়িক বরখাস্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রকল্পের পরিচালক হারুন অর রশিদ এবং প্রকৌশলী শামছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় ওই সড়ক পরিদর্শন শেষে তাদের সাময়িক বরখাস্ত করেন তিনি।
সড়ক নির্মাণে প্রাথমিক তদন্তে প্রাকৃতিক দুর্যোগের কারণ ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করার তথ্য পাওয়া যায়।
পরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে ওই দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের চিঠি হস্তান্তর করেন।
এছাড়াও আগের সব তদন্ত কমিটি বিলুপ্ত করে ৭ সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি নতুন কমিটি গঠন করেন। পরে নতুন কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জনগণের টাকায় উন্নয়ন কাজ হবে।
কিন্তু সেই কাজ যদি মানহীন হয় তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ সকল ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কিছুদিন আগে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় নদীর পাড়ে নির্মাণাধীন একটি সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ে।



