
ঢাকা, ২৩ জানুয়ারি – বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সরস্বতী পূজা উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি এক বাণীতে বলেন, হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি আরও উল্লেখ করেন, হাজার বছর ধরে এই দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন।
প্রধান উপদেষ্টা বলেন, এই দেশ আমাদের সবার। ধর্ম ও বর্ণভেদে নয়—বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি। হিন্দু ধর্মমতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী এবং আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান।
ড. ইউনূস বলেন, সরস্বতী পূজার এই পবিত্র উপলক্ষে আশা করি, আমাদের শিক্ষা যেন শুধুমাত্র ব্যক্তিগত উন্নতির জন্য না হয়, বরং সমাজের উন্নতির জন্যও কাজে লাগে। আমরা যেন আমাদের জ্ঞান দিয়ে অন্যকে সাহায্য করি, দুর্বলদের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি।
তিনি হিন্দু ধর্মালম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬




