
পান্থপথ, ৪ ফেব্রুয়ারি – জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। তার স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ বুধবার দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। নতুন অতিথির আগমনে পলাশের পরিবারে এখন আনন্দের জোয়ার বইছে।
সন্তান জন্মের খবর নিশ্চিত করে এক ফেসবুক স্ট্যাটাসে জিয়াউল হক পলাশ জানিয়েছেন যে তিনি কন্যাসন্তানের বাবা হয়েছেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। টেলিভিশন পর্দায় জিয়াউল হক পলাশের জনপ্রিয়তার উত্থান ঘটে কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট নাটকে কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রটি তাকে দেশ ও বিদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়।
এরপর থেকে নাটক ও নির্মাণ উভয় ক্ষেত্রেই নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। ব্যক্তিগত জীবনে ২০২২ সালে পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পলাশ। এর আগে ২০২৩ সালের জুলাই মাসে প্রথমবারের মতো বাবা হন তিনি। তখন তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান মোহাইমিনুল হক আহান। এবার কন্যাসন্তানের আগমনে পলাশের সংসার আরও পূর্ণতা পেল। শুভাকাঙ্ক্ষী ও সহকর্মী এবং ভক্তদের পক্ষ থেকে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার বার্তা আসতে শুরু করেছে।
এ এম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬



