দোহাজারীতে আগুনে পুড়ে ছাই ৬ দোকান – Chittagong News

দোহাজারীতে আগুনে পুড়ে ছাই ৬ দোকান – Chittagong News

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় হাজারী শপিং সেন্টারের পাশে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে গেছে।

রবিবার (৯ মার্চ) ভোররাত ৪টার দিকে আগুনে অঞ্জন পালের মুদি দোকান, জাহাঙ্গীর আলমের পানাহার রেস্তোরাঁ, মো. আলী আকবরের ঝাল বিতান, মো. নাছির উদ্দীনের কুলিং কর্ণার, নুরুল মোস্তফার বেকারি এবং আবদুর রশিদের পানের দোকান পুড়ে যায়।

এছাড়া আগুনে হাজারী শপিং সেন্টারের দ্বিতীয় তলায় মো. মুছার মালিকানাধীন রূপসী বিউটি পার্লারের ৪টি এসি পুড়ে যায় এবং পার্লার ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৬০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

খবর পেয়ে চন্দনাইশ ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. কামরুল হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৬টি দোকান পুড়ে যায়। স্থানীয়রা ধারণা করছেন, চা ও কুলিং কর্ণারের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

জেএনএন/সিটিজিনিউজ

Explore More Districts