
ঢাকা, ৪ এপ্রিল – বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি তা সরকারিভাবে নির্ধারণ করতে জরিপ শুরু করেছে বাংলাদেশ জরিপ অধিদপ্তর।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই জরিপ কার্যক্রম ৪ এপ্রিল শুরু হয়ে চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
আইএসপিআর জানায় জরিপ অধিদপ্তরের একটি অভিজ্ঞ দল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় অবস্থিত পাহাড়গুলো পরিমাপ করে সর্বোচ্চ পাহাড়ের শীর্ষবিন্দু নির্ণয় করবে।
এই কার্যক্রমে আধুনিক জিওডেটিক পদ্ধতি ও উন্নত গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে দেশের সর্বোচ্চ শৃঙ্গের গড় সমুদ্রতল থেকে উচ্চতা বা এমএসএল নির্ধারণ করা হবে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত এই জরিপের লক্ষ্য হলো অক্ষাংশ দ্রাঘিমাংশ এবং উচ্চতা উভয় ক্ষেত্রেই সেন্টিমিটার স্তরের নির্ভুলতা নিশ্চিত করা।
সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল নুর এ আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ারের নেতৃত্বে এবং জিওডেটিক ডিটাচমেন্টের ইনচার্জ উপপরিচালক দেবাশীষ সরকারের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জরিপ দলটি বান্দরবানের থানচি রেমাক্রি রুমা ও তিন্দুর মতো দুর্গম এলাকায় গিয়ে উচ্চতা পরিমাপ করবে। এ জন্য তারা ডুয়াল ফ্রিকোয়েন্সি জিএনএসএস রিসিভার আরটিকে রিসিভার টোটাল স্টেশন লেভেল মেশিনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে।
সদ্য প্রস্তুত করা জিওড মডেলের মাধ্যমে জিএনএসএস রিসিভার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পর্বতশৃঙ্গের এমএসএল উচ্চতা নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে তাজিংডং কেওক্রাডং নাকি সাকা হাফং এই নিয়ে বিতর্ক রয়েছে।
বাংলাদেশ জরিপ অধিদপ্তরের এই পরিমাপের মধ্য দিয়ে দীর্ঘদিনের সেই বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে।
এনএন/ ৪ এপ্রিল ২০২৬




