আইডিআরএর মুখপাত্র সাইফুন্নাহার বলেন, শ্রীলঙ্কার সফটলজিককে ডায়মন্ড লাইফের ৬০ শতাংশ শেয়ার কেনার অনুমতি দেওয়া হয়েছে।
জানা গেছে, শুধু আর্থিক বিনিয়োগকারী হিসেবে নয়; বরং দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে বাংলাদেশের বাজারে কাজ করতে চায় সফটলজিক। শ্রীলঙ্কায় স্বাস্থ্যবিমা, দ্রুত দাবি নিষ্পত্তি, প্রযুক্তিনির্ভর সেবা ও গ্রাহককেন্দ্রিক কার্যক্রম পরিচালনার যে অভিজ্ঞতা রয়েছে, তা বাংলাদেশের গ্রাহকদের কাছেও পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) দাবি ব্যবস্থাপনা চালুর মাধ্যমে দাবি নিষ্পত্তির সময় কমানো, কাগজনির্ভর প্রক্রিয়া কমানো এবং আরও স্বচ্ছ ও কার্যকর সেবা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি।
সূত্রগুলো জানায়, গত এক দশকে সফটলজিক লাইফ শ্রীলঙ্কার দ্রুত বর্ধনশীল জীবনবিমা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশটির জীবনবিমা শিল্পের গড় প্রবৃদ্ধি যেখানে ১৬ শতাংশ, সেখানে এই প্রতিষ্ঠানের প্রিমিয়াম আয়ের প্রবৃদ্ধি ২৬ শতাংশ। গত চার বছরে প্রতিষ্ঠানটির প্রিমিয়াম আয়, কর-পূর্ব মুনাফা, কর-পরবর্তী মুনাফা ও শেয়ারপ্রতি আয় দ্বিগুণ হয়েছে। একই সময়ে ৩০ শতাংশের বেশি মূলধনের বিপরীতে মুনাফা ধরে রাখতে সক্ষম হয়েছে।
