
ঢাকা, ১৫ জানুয়ারি – ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে এবং সংস্থাটির প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।
জুলাই আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের ঘটনায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে থাকা সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান ও তদন্ত চলছে। একই সঙ্গে তার স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরিনের বিদেশ ভ্রমণে গত ৭ জানুয়ারি আদালত নিষেধাজ্ঞা দেন।
দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার এবং টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় সরকারি অর্থ অপচয়, দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে আতিকুল ইসলাম ও সংশ্লিষ্ট অন্যদের জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া আতিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে কানাডা ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদের অভিযোগ রয়েছে।
এর আগে ২০২৪ সালের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬



