দিওয়ালিতে ফিরছে ‘কফি উইথ করণ’, নবম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর – DesheBideshe

দিওয়ালিতে ফিরছে ‘কফি উইথ করণ’, নবম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর – DesheBideshe



দিওয়ালিতে ফিরছে ‘কফি উইথ করণ’, নবম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর – DesheBideshe

মুম্বাই, ২৬ এপ্রিল – বলিউড নির্মাতা করণ জোহরের অত্যন্ত জনপ্রিয় এবং আলোচিত টক শো কফি উইথ করণ আবারও ছোট পর্দায় ফিরছে। দীর্ঘ প্রতীক্ষার পর নির্মাতা নিজেই নিশ্চিত করেছেন যে, আগামী দিওয়ালিতে শুরু হতে যাচ্ছে এই অনুষ্ঠানের নবম সিজন। সম্প্রতি দ্য উইক এর সাথে এক আলাপচারিতায় সিজন ৯ এর ফেরার ঘোষণা দেন করণ। এক দর্শক শোটির ফেরার সময় জানতে চাইলে মুচকি হেসে তিনি উত্তর দেন যে দিওয়ালিতেই সিজন ৯ আসছে। এর আগে ২০২৪ সালে শোটির অষ্টম সিজন শেষ হয়েছিল।

কফি উইথ করণ মানেই যেন বিনোদন এবং বিতর্কের এক অনবদ্য সংমিশ্রণ। গত সিজনেও রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের নিজেদের সম্পর্ক নিয়ে করা কিছু মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এ ছাড়া শর্মিলা ঠাকুর, সাইফ আলি খান, কারিনা কাপুর, আলিয়া ভাট এবং দেওল ভাইদের মতো তারকাদের উপস্থিতিতে সিজন ৮ ছিল বেশ জমজমাট। তবে এই অনুষ্ঠানের ইতিহাসের পাতা উল্টালে উঠে আসে আরও অনেক বিস্ফোরক অধ্যায়। সোনম কাপুর ও দীপিকা পাড়ুকোনের রণবীর কাপুরকে নিয়ে করা মন্তব্য কিংবা ঐশ্বরিয়া রাইকে ঘিরে ইমরান হাশমির বিতর্কিত উক্তি আজও দর্শকদের মনে গেথে রয়েছে। এমনকি ক্রিকেটার হার্দিক পান্ডিয়াও তার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করে সে সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।

সব বিতর্ককে ছাপিয়ে গিয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাউতের সেই পর্বটি। সেখানে তিনি সরাসরি করণের মুখের ওপর তাকে স্বজনপোষণের ধ্বজাধারী এবং মুভি মাফিয়া বলে আক্রমণ করেছিলেন। ২০১৪ সালের সেই আলাপচারিতা আজও বলিউডের অভ্যন্তরীণ দ্বন্দ্বে মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ২০০৪ সাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের প্রতিটি সিজনই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছে। এবারও দিওয়ালির বিশেষ আয়োজনে নতুন কোনো ধামাকা থাকবে বলেই ধারণা করছেন ভক্তরা।

এস এম/ ২৬ এপ্রিল ২০২৬



Explore More Districts