বাবুগঞ্জ উপজেলা বিএনপির বহুল কাঙ্খিত কাউন্সিল স্থগিত ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর আজ শুক্রবার কাউন্সিল হওয়ার কথা ছিল। কিন্তু বাবুগঞ্জ বিএনপিতে দুটি গ্রুপের দ্বন্দ্বের কারণে উপজেলা কাউন্সিল করা সম্ভব হয়নি। উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হঠাৎ করেই স্থগিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্মেলন উপলক্ষে বাবুগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণসহ চলছিল জোর প্রস্তুতি। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সম্মেলনকে ঘিরে মাঠে সক্রিয় থাকলেও, হঠাৎ করে সম্মেলন স্থগিতের খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স সাংবাদিকদের বলেন, আসন্ন পুজা সন্নিকটে থাকায় কেন্দ্রীয় বিএনপির নীতিনির্ধারক মহল এই সম্মেলন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। শীঘ্রই নতুন তারিখ জানানো হবে। তবে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সম্মেলনের আয়োজনে উপজেলা বিএনপির একটি বড় অংশকে উপেক্ষা করা হয়েছে এমন অভিযোগ কেন্দ্রের দৃষ্টিগোচর হওয়ায়, নীতিনির্ধারণী মহল থেকে সম্মেলন স্থগিতের নির্দেশ আসে। দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার পর এই সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মাঝে আশার আলো দেখা দিলেও, হঠাৎ স্থগিত হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন অনেকেই। আজ শুক্রবার সকাল ১০টায় বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি বাবুগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান অনুসারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদীনের। ২০২৪ সালে বাবুগঞ্জ উপজেলা বিএনপিতে সুলতান আহমেদ খানকে আহবায়ক ও ওয়াহিদুল ইসলাম প্রিন্স কে সদস্য সচিব করে বাবুগঞ্জ উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বাবুগঞ্জ উপজেলা বিএনপিতে এখন দুটি পক্ষ। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন আহ্বায়ক সুলতান আহমেদ খান । অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেন কচি। সাবেক উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেন কচি বলেন , বিগত ১৭ বছর রাজপথে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে হামলা, মামলা ও কারাবরণকারী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে বাবুগঞ্জের ৬টি ইউনিয়নের বির্তকিত ও বিলুপ্ত কমিটি পুনর্বহাল করে পছন্দের লোকজন দিয়ে উপজেলা বিএনপির সম্মেলন করার জন্য মরিয়া হয়ে উঠেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব। ফলে দলের তৃণমূল পর্যায়ের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান এর কাছে সম্মেলন স্থগিত হওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন এর সাথে কথা বলতে বলেন। বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংসদ নির্বাচনের আগে সারাদেশে সকল ধরনের সম্মেলন ও কমিটি গঠন স্থগিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন আপাতত হচ্ছেনা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শহর রক্ষা বাঁধের ব্লক লুট, ট্রলারসহ আটক ১
আগৈলঝাড়ায় র্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ৩
জি এম কাদের, পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন
দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান