দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি কমান্ডার নিহত – DesheBideshe

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি কমান্ডার নিহত – DesheBideshe



দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি কমান্ডার নিহত – DesheBideshe

তেল আবিব, ২৮ জুন – দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সরাসরি সংঘর্ষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। রবিবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

নিহত ওই সেনা কর্মকর্তার নাম ক্যাপ্টেন ডেভিড হাজুত। ২১ বছর বয়সী এই কর্মকর্তা গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের একটি প্লাটুনের নেতৃত্বে ছিলেন। তার বাড়ি ইসরায়েলের আশকেলন এলাকায়।

ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে গোলানি ব্রিগেডের সদস্যরা দক্ষিণ লেবাননের দেইর সিরিয়ান গ্রামের একটি ভবনে তল্লাশি চালাতে প্রবেশ করেন। সে সময় তারা হিজবুল্লাহর এক যোদ্ধার মুখোমুখি হন। উভয় পক্ষের মধ্যে শুরু হওয়া এই বন্দুকযুদ্ধে ক্যাপ্টেন হাজুত প্রাণ হারান।

এ ঘটনায় আরও এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। আহত সেনাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তার পরিবারকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে।

এই সংঘাতের পর সংশ্লিষ্ট এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর সম্ভাব্য অবস্থানগুলো লক্ষ্য করে বর্তমানে বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইডিএফ কর্তৃপক্ষ।

এস এম/ ২৮ জুন ২০২৬



Explore More Districts