
বরিশাল, ২৭ ফেব্রুয়ারি – আসন্ন ঈদ উৎসবকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘মন ফড়িং’। ত্রিভুজ প্রেম ও বিরহের আখ্যান নিয়ে নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।
নাটকটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানিয়েছে তাদের ইউটিউব চ্যানেলে ঈদ আয়োজনের অংশ হিসেবে নাটকটি প্রচারিত হবে। এবারের ঈদে ২০টি বিশেষ নাটকের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি যার মধ্যে অন্যতম আকর্ষণ এই নাটক। গল্পের প্রেক্ষাপট সম্পর্কে নির্মাতা জানান এটি বরিশালের এক মফস্বল শহরের ঘটনা।
সেখানে এনজিওকর্মী হিসেবে কর্মরত সুমন এবং একই এলাকার এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়ে রেখা। রেখা পছন্দ করে মিরাজ নামের এক ছেলেকে। মিরাজ ও রেখার প্রেমের সম্পর্কের মাঝে এনজিওকর্মী সুমনকে ঘিরেই আবর্তিত হয়েছে নাটকের গল্প। নির্মাতা আশাবাদী যে দর্শক এই ত্রিভুজ প্রেমের গল্পটি পছন্দ করবেন। নাটকে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ ও সাবেরী আলমসহ অনেকে। চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন নাঈম ফুয়াদ।
এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬



