ফ্রান্সের তুলুজ শহরে মরহুম জুবায়ের হুসাইন মজনু সাহেবের রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজারের কৃতী সন্তান ও তুলুজ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সম্মানিত প্রবীণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মরহুম মজনু সাহেবের স্মরণে এ আয়োজন করে বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি, তুলুজ–ফ্রান্স।
অনুষ্ঠানটি (১ ফেব্রুয়ারি) রবিবার দুপুর ২টা থেকে তুলুজ শহরের প্রাণকেন্দ্রের একটি স্থানীয় হলে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলুজ শহরের সহকারী মেয়র ডিজিলালি লাহিয়ানি (Djillali Lahiani)। মিলাদ ও দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন আব্দুর রহমান।
সংগঠনের সহকারী সেক্রেটারি শাওন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণমূলক আলোচনা সভায় বক্তব্য দেন
ওসমান হোসাইন মনির (সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন তুলুজ), প্রবীণ ব্যক্তিত্ব মহসিন মিল্টন, মার্ক রায় (সাধারণ সম্পাদক, ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন), ফখরুল আকম সেলিম (সভাপতি, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ), এমরান হোসাইন (সহকারী উপদেষ্টা), এমদাদ হোসেন সুবেল (সেক্রেটারি, বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি তুলুজ–ফ্রান্স), আবু সাঈদ (ইসলামিক ফোরাম তুলুজ)সহ আরও অনেকে।
বক্তারা বলেন, মরহুম জুবায়ের হুসাইন মজনু সাহেব তুলুজে বাঙালি কমিউনিটিকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি তুলুজে বসবাসকারী প্রথম প্রজন্মের বাঙালিদের অন্যতম ছিলেন। মানবিকতা, সামাজিক কর্মকাণ্ড ও ব্যবসায়িক সহযোগিতার মাধ্যমে তিনি বহু মানুষকে প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছেন। ক্রীড়াবিদ ও সমাজসেবক হিসেবেও বিয়ানীবাজার উপজেলায় তিনি সুপরিচিত ছিলেন।
বক্তারা আরও উল্লেখ করেন, তিনি শারীরিকভাবে অনুপস্থিত থাকলেও তাঁর কর্ম, আদর্শ ও মানবিক মূল্যবোধ সবার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে মরহুমের একমাত্র পুত্র, বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি তুলুজ-এর সভাপতি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী জাহাদ হুসাইন নানু উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “১৯৬১ থেকে ২০২৫—আমার বাবার জীবনে যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তার জন্য দোয়া করবেন, যেন তিনি জান্নাতবাসী হন।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম জুবায়ের হুসাইন মজনু সাহেবের জীবন ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

