তিন দফা তেলের দাম বাড়িয়ে সরকার হ্যাটট্রিক করেছে

তিন দফা তেলের দাম বাড়িয়ে সরকার হ্যাটট্রিক করেছে

স্টাফ রিপোর্টার:
সাত মাসের মধ্যে জ্বালানি তেলের দাম তিন দফা বাড়িয়ে সরকার ‘হ্যাটট্রিক’ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল। তিনি বলেন, ‘সংসদ অধিবেশন শেষ হওয়ার পরই সরকার দাম বাড়িয়েছে, যাতে বিরোধী দলের জবাবদিহির মুখে পড়তে না হয়।’

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার বিকেলে রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল নগরীর টাউন হল চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মাহবুবুর রহমান বেলাল বলেন, ‘এই মূল্যবৃদ্ধির ফলে শুধু পরিবহন খাত থেকেই সরকার দৈনিক অতিরিক্ত ৪০ কোটি টাকা আয় করবে। দুর্নীতি দূর না করে এভাবে দাম বাড়িয়ে সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।’ অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রত্যাহার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য না কমালে সরকার পতনের এক দফার আন্দোলন শুরু হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান বলেন, ‘বর্তমান সরকার আমলে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং দলীয় লোকদের সুবিধা দিতে সিন্ডিকেট তৈরি করা হয়েছে। আগের সরকারও এমনটা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের পালাতে হয়েছিল।’ আজমের দাবি, ‘তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে না পারলে সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।’

সমাবেশে বক্তারা বলেন, দেশের জ্বালানি খাত ভেঙে পড়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সাত মাসের মধ্যেই দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।

সমাবেশে মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল হক কাজলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি আল আমিন হাসান, প্রচার সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী এবং মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান প্রমুখ।

রংপুর/স/এস

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts