তারেক রহমানের জনসভায় মোবাইল চুরি করতে গিয়ে যুবক আটক

তারেক রহমানের জনসভায় মোবাইল চুরি করতে গিয়ে যুবক আটক

যশোরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় মোবাইল ফোন চুরি করতে গিয়ে এক যুবককে হাতেনাতে আটক করেছে জনতা। পরে উত্তেজিত লোকজন তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

সোমবার দুপুর আনুমানিক ৩টার দিকে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম জামান। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার শালিখা গ্রামের তৈয়ব আলীর ছেলে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সিমন হাওলাদার জানান, জনসভাস্থলে কৌশলে এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন চুরির চেষ্টা করছিল জামান। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন তাকে আটক করেন। এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামানকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আগের আরেকটি চুরির ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Explore More Districts