তামিমের রেকর্ড ভেঙে হৃদয়ের ইতিহাস, দক্ষিণ আফ্রিকায় ৩৫০ রানের মহাকাব্যিক ইনিংস – DesheBideshe



দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে পচেফস্ট্রুমে ৩৫০ রানে অপরাজিত তাওহিদ হৃদয়
পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিপক্ষে ৩৫০ রানে অপরাজিত থেকে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন তাওহিদ হৃদয়।

ঢাকা, ২ সেপ্টেম্বর – জাতীয় দলের তারকা ব্যাটার তাওহিদ হৃদয় প্রথম শ্রেণির ক্রিকেটে এক অনন্য কীর্তি গড়েছেন। দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে চার দিনের আনঅফিসিয়াল টেস্টে ৩৫০ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেছেন তিনি। এর মাধ্যমে তিনি দেশের হয়ে স্বীকৃত ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন। এর আগে এই রেকর্ডটি ছিল তামিম ইকবালের দখলে।

২০২০ সালে মিরপুরে ৩৩৪ রান করেছিলেন তামিম। পচেফস্ট্রুমে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে এই রেকর্ড স্পর্শ করেন হৃদয়। বাংলাদেশ এ দলের অধিনায়ক হিসেবে ৪৮১ বল খেলে ৩৫০ রানে অপরাজিত থাকেন তিনি। তার এই ইনিংসে ছিল ২৭টি চার ও ১০টি ছক্কা।

হৃদয়ের এই বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬৭৬ রান সংগ্রহ করে। এরপরই দুই দলের অধিনায়ক ম্যাচটি ড্র করার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে সাড়ে তিনশ রানের মাইলফলক স্পর্শ করলেন ২৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। এর আগে কেবল তামিম ইকবাল ও রকিবুল হাসান ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। ২০০৭ সালে রকিবুল হাসান ফতুল্লায় ৩১৩ রান করে দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান হয়েছিলেন। তবে বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করার গৌরব এখন হৃদয়ের দখলে।

বিদেশের মাটিতে ডাবল সেঞ্চুরির তালিকাতেও হৃদয় নিজের নাম লিখিয়েছেন। এর আগে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান বিদেশের মাটিতে ডাবল সেঞ্চুরি করেছিলেন।

পচেফস্ট্রুমের ব্যাটিং সহায়ক উইকেটে হৃদয় ও রেজাউর রহমান রাজা নবম উইকেটে ১৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। রাজা ৩১ রানে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকা এ দল তাদের প্রথম ইনিংসে ৫১২ রান করেছিল। প্রথম টেস্টে শোচনীয় হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো সফরকারীরা।

এনএন/ ২ সেপ্টেম্বর ২০২৬



FAQ

তাওহিদ হৃদয় কত রান করেছেন?

তাওহিদ হৃদয় দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে পচেফস্ট্রুমে ৩৫০ রানে অপরাজিত থাকেন।

তাওহিদ হৃদয় কত বলে ৩৫০ রান করেন?

তিনি ৩৫০ রান করতে ৪৮১ বল খেলেছেন। ইনিংসে ছিল ২৭টি চার ও ১০টি ছক্কা।

তাওহিদ হৃদয় কার রেকর্ড ভেঙেছেন?

তিনি তামিম ইকবালের ৩৩৪ রানের রেকর্ড ভেঙেছেন। ওই ইনিংসটি তামিম ২০১৯ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে ইস্ট জোনের হয়ে করেছিলেন।

বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ট্রিপল সেঞ্চুরিয়ান কে?

তাওহিদ হৃদয় বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার।

বাংলাদেশ ‘এ’ বনাম দক্ষিণ আফ্রিকা ‘এ’ ম্যাচের ফল কী?

ম্যাচটি ড্র হয়েছে। বাংলাদেশ ‘এ’ ৬৭৬/৮ ডিক্লেয়ার করার পর দক্ষিণ আফ্রিকা ‘এ’ দ্বিতীয় ইনিংসে ১৮/০ করে।

Explore More Districts