তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার যশোর শাখায় সবক প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার আদ্-দ্বীন মেডিকেল কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. মীম আতিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক ও খুলনা জোনাল ইনচার্জ আ.খ.ম. মাসুম বিল্লাহ, পরিচালক এম এম রবিউল ইসলাম, মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী, আদ্-দ্বীন সাকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সঞ্জয় সাহা, হাফেয মাওলানা ক্বারী মুস্তাকিম বিল্লাহ এবং যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কোরআন-সুন্নাহর আলোকে সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হিফযের সবক প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতা ও শিক্ষা কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। মোট ১৪টি সেশনে ১৯৪টি শুভেচ্ছা ও ১৮১টি মেরিট পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত ১৩ শিক্ষার্থীকে বিশেষ ক্রেস্ট দেওয়া হয়।
সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত, আযান, ইসলামী সংগীত, কিরাত, বাংলা বক্তৃতা, দৌড়, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেন অতিথিরা।

