
ঢাকা, ১২ জানুয়ারি – চলমান অনুসন্ধান কার্যক্রমে গতি আনতে এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত শেষ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) ১৫টি বিশেষ টিম গঠন করেছে।
প্রতিটি টিমে একজন করে উপ-পরিচালক প্রধান হিসেবে থাকবেন এবং প্রতিটি টিমে পাঁচজন করে সদস্য থাকবেন। এভাবে ১৫টি টিমে মোট ৭৫ জন সহকারী ও উপসহকারী কর্মকর্তা কাজ করবেন। দুদকের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১২ জানুয়ারি) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক নাজমুল হাসানের সই করা একটি চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন বিভাগের আওতায় চলমান অনুসন্ধান কার্যক্রমে গতি আনতে এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তির জন্য ১৫টি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। এসব টিম দুদক অনুমোদিত কার্যপরিধি অনুযায়ী কাজ করবে এবং টিমগুলো ১ জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে।
১৫টি টিমের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম, মো. আতিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. মশিউর রহমান, মো. আল আমিন, মো. রাউফুল ইসলাম, মো. তাহসিন মুনাবিল হক, মো. নিয়ামুল আহসান গাজী, মুহাম্মদ জয়নাল আবেদীন, মো. জাহাঙ্গীর আলম, মো. মোজাম্মিল হোসাইন, এ কে এম মাহবুবুর রহমান, তানজির হাসিব সরকার এবং উপ-পরিচালক মো. সিফাত উদ্দিন।
টিম পরিচালনা ও শর্তাবলি সম্পর্কে জানানো হয়েছে, যে উইংয়ের অধীনে টিম গঠিত হবে, টিম সদস্যরা সেই উইংয়ের সঙ্গেই যুক্ত থাকবেন। টিম লিডারকে টিম সদস্যদের কন্ট্রোলিং অফিসার হিসেবে ধরা হবে এবং তিনিই সদস্যদের বার্ষিক এসিআর প্রদান করবেন।
প্রতিটি টিমের জন্য টাইপিংয়ে দক্ষ একজন কনস্টেবল বা সহায়ক কর্মী থাকবে।
টিম সদস্যরা তাদের কাছে থাকা চলমান তদন্ত ফাইল নিয়ে কাজ করবেন। সব চলমান তদন্ত ফাইল সংশ্লিষ্ট অনুসন্ধান টিমের কাছে হস্তান্তর করা হবে। এর মধ্যে যেসব অনুসন্ধান তুলনামূলকভাবে কম অগ্রাধিকারপূর্ণ, সেগুলো টিমের বাইরে থাকা অন্যান্য দুদক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।
১৫টি টিমের সদস্যরা চলমান যৌথ টিম ছাড়া অন্য কোনো টিমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। কেউ যদি আগে থেকেই কোনো যৌথ টিমের সদস্য হয়ে থাকেন, তাহলে উচ্চপ্রোফাইল অনুসন্ধানের কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে সেই টিমেই থাকতে হবে।
চলমান তদন্ত কার্যক্রমে মহাপরিচালক অথবা পরিচালক তদারককারীর দায়িত্বে থাকবেন এবং টিম সদস্যদের আলাদাভাবে কোনো তদন্ত দেওয়া হবে না।
এছাড়া টিমগুলো হাতে থাকা মামলাগুলোর অগ্রগতি ও হালনাগাদ তথ্য নিয়মিতভাবে কমিশনকে জানাবে। প্রতি সপ্তাহে কমিশন সভার পর টিমগুলোর কার্যক্রম সম্পর্কে ব্রিফ করা হবে।
এনএন/ ১২ জানুয়ারি ২০২৬



