ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা – DesheBideshe

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা – DesheBideshe

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা – DesheBideshe

মুন্সীগঞ্জ, ১৯ জানুয়ারি – ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজ এলাকার মাওয়ামুখী লেনে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ঘটনাটি ঘিরে বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে মাগুরা যাওয়ার পথে কুচিয়ামোড়া এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা মেট্রো ছ ৭১-৪৫৩১ নম্বরের অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, আগুন লাগার কারণে এক্সপ্রেসওয়ের ওই লেনে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল। কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় পৌঁছানোর পর হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। তখন দ্রুত গাড়িতে থাকা রোগীসহ চারজন যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। এতে বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার জানান, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬



Explore More Districts