
ঢাকা, ২৬ মার্চ – ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া ওই পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত একটি লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে দেশের আবহাওয়ায় এই পরিবর্তন আসতে পারে।
আজ সন্ধ্যা থেকে প্রথম দিনে ঢাকা, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার পাশাপাশি বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এরপর আগামীকাল সন্ধ্যা থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের অল্প কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার কথা বলা হয়েছে।
তৃতীয় দিনে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস রয়েছে।
চতুর্থ দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং দেশের অন্যান্য অঞ্চলের দুয়েক জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে।
পঞ্চম দিনে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। এ সময় পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বৃদ্ধি পেতে পারে।
আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৬ মিনিটে।
এনএন/ ২৬ মার্চ ২০২৬


