
বাংলাদেশ, ৩০ মার্চ – বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমকে ঠিক কোন যোগ্যতার ভিত্তিতে স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছিল তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। জুলকারনাইন সায়ের তার পোস্টে উল্লেখ করেন যারা ড. ইউনূসের অন্ধ প্রশংসা করেন তাদের উচিত তাকে জবাবদিহির মুখোমুখি করার বিষয়টি নিয়েও চিন্তা করা।
সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রকোপে ৪১ জন শিশুর মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়াই এইচপিএনএসপি বা ওপি ব্যবস্থা বাতিল করে দেয়।
এই হটকারী সিদ্ধান্তের কারণেই বর্তমানে দেশে হামসহ আরও বেশ কয়েকটি রোগের টিকার তীব্র সংকট তৈরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া বিগত অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নূরজাহান বেগম কী কী কাজ করেছেন তার বিস্তারিত তথ্য প্রকাশের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানিয়েছেন এই সাংবাদিক।
এ এম/ ৩০ মার্চ ২০২৬




