
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার ও সুপারনিউমারারি অতিরিক্ত আইজি মো. সরওয়ার।
বৃহস্পতিবার অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত থাকলেও তিনি আগেই সরে দাঁড়ালেন।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত সরকারের আমলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হয়েছিলেন। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার তাকে চাকরিতে পুনর্বহাল করে এবং পরবর্তীতে গত বছরের ২০ নভেম্বর তিনি ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬




