‘হাসান মাহমুদকে নিয়ে কোনো গল্প আছে?’
ঘরের ছেলে জেক ওয়েদারাল্ডকে ফেরানোর পর ততক্ষণে ট্রাভিস হেডও হাসানের বল টেনে স্টাম্পে ঢুকিয়ে বোল্ড। বাংলাদেশের এই পেসারকে নিয়ে অস্ট্রেলিয়ান সাংবাদিকদের কৌতূহলী হয়ে ওঠাটা স্বাভাবিক।
খেলা সবাই দেখছে, এর বাইরে তো পাঠককে কিছু দিতে হবে! কাজেই প্রথম সেশনেই অস্ট্রেলিয়াকে বিপদে ফেলা বোলারকে নিয়ে সাইড স্টোরি খোঁজো।
ডারউইনে আজ যে সকালটা এসেছে, গত ২২ বছরে এখানে এ রকম সকাল আর আসেনি। অস্ট্রেলিয়ার বেশির ভাগ শহরের মতো এখানেও জনবসতি খুব বেশি নয়। তার মধ্যেও সকালে মানুষের স্রোতটা কোন দিকে ছিল সেটি বুঝে নিতে অসুবিধা হয়নি।
ট্যাক্সি-উবার ডাকলে যেখানে ৫ মিনিটে গাড়ি আসে সেখানে ২০ মিনিটের অপেক্ষা, ভাড়ার টাকাটাও হঠাৎ বেড়ে যাওয়া সকাল সকালই জানিয়ে দিল—ডারউইনের জন্য আজকের দিনটা বিশেষ।
