
তেহরান, ১৬ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ জেনারেল মোহসিন রেজাই। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বক্তব্যে তিনি বলেন, ট্রাম্প যদি যুদ্ধের হুমকি দেন, তবে ইরান তার জবাব দিতে প্রস্তুত।
মোহসিন রেজাই বলেন, “ট্রাম্প বলেছেন তার হাত পিস্তলের ট্রিগারে। আমরা তার ওই হাত ও আঙুল কেটে ফেলব।” পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে হামলা চালায়, তবে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতির আলোচনা হবে না।
তিনি আরও বলেন, “যদি আমরা যুদ্ধের পথে এগোই, তাহলে যুদ্ধবিরতি নিয়ে কোনো কথা হবে না।” ট্রাম্পকে উদ্দেশ করে তিনি সতর্ক করে বলেন, ইরান যে সংযম ও কৌশলগত ধৈর্য দেখিয়েছে, যুক্তরাষ্ট্র তা উপেক্ষা করছে। এখনই পিছু না হটলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটিই নিরাপদ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে একই দিনে জানা গেছে, উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের কূটনৈতিক প্রচেষ্টায় ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও জানিয়েছেন, ট্রাম্প নিজে ইরানকে আশ্বস্ত করেছেন যে হামলার কোনো পরিকল্পনা নেই।
তবে এসব আশ্বাসে পুরোপুরি আস্থা রাখতে পারছে না তেহরান। ইরান সরকারের দাবি, অতীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময়ও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার অভিজ্ঞতা রয়েছে, যা তাদের সন্দিহান করে তুলেছে।
এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬



