
তেহরান, ১১ মার্চ – আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। এর মধ্যেই ফুটবলের এই বৈশ্বিক আসরে ইরানকে সাদরে আমন্ত্রণের কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার সেই আমন্ত্রণে সাড়া দিচ্ছে না ইরান।
চলমান বৈরী পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো অবস্থা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল।
মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার পর থেকেই ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পাল্টা হামলা চালায় ইরান, যার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে।
এক টেলিভিশন সাক্ষাৎকারে ডোনিয়ামাল বলেন, এই দুর্নীতিগ্রস্ত সরকার তাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো কোনো পরিবেশ তাদের নেই। তিনি আরও জানান, তাদের ওপর কয়েক মাসের ব্যবধানে দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ফুটবল খেলা সম্ভব নয় বিধায় ইরান বিশ্বকাপে অংশ নেবে না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করবে। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে লস অ্যাঞ্জেলেসে ইরানের খেলার কথা ছিল নিউজিল্যান্ড এবং বেলজিয়ামের বিপক্ষে। এছাড়া সিয়াটলে তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল মিসরের।
এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে ইরান দলকে বিশ্বকাপে স্বাগত জানানো হবে এবং তাদের অংশগ্রহণে কোনো বাধা দেওয়া হবে না। তবে ইরানের ক্রীড়ামন্ত্রীর সর্বশেষ বক্তব্যে সেই সম্ভাবনা এখন পুরোটাই নাকচ হয়ে গেছে।
সংঘাতের বিস্তারও বিশ্বকাপ অংশগ্রহণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, জর্ডান, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও হামলার ঘটনা ঘটেছে।
এ অবস্থায় ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে টুর্নামেন্টের গ্রুপ বিন্যাসে পরিবর্তন আনতে হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এনএন/ ১১ মার্চ ২০২৬



